প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

জো রুট গতকাল (মঙ্গলবার) আরেকটি অভিজাত ক্লাবে নাম লিখলেন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৩ হাজার রানের মাইলফলকে ইংল্যান্ডের তারকা ব্যাটার।
এই মাইলফলকে নাম লিখতে মাত্র তিন রান দরকার ছিল। কব্জি ঘুরিয়ে ফ্লিক করে বল বাউন্ডারির ওপারে পাঠালেন, তাতেই পৌঁছে গেলেন ২৩ হাজার রানের ক্লাবে। ৫২১তম ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। ৫২২ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছানো শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন রুট। ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান করে দ্রুততম ব্যাটার বিরাট কোহলি।
অষ্টম ব্যাটার ও প্রথম ইংরেজ হিসেবে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে রুট। ভারতের কোহলি, শচীন, রাহুল দ্রাবিড়, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আছেন এই তালিকায়।
সম্প্রতি টেস্টে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রুট। সেখানেও শচীনকে পেছনে ফেলেছেন। এখন তার চোখ ভারতীয় ব্যাটিং গ্রেটের সর্বোচ্চ টেস্ট রানের দিকে। এজন্য করতে হবে ১৬৪৩ রান। শচীনের ১৫৯২১ রানের বিপরীতে তার সংগ্রহ ১৪২৭৮ রান। শচীনের ২০০ টেস্ট খেলার কীর্তি ছুঁতে ৩১ ম্যাচ খেলতে হবে ইংলিশ ব্যাটারকে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।